বাসাইলে ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১২:২৭ এএম

টাঙ্গাইল-বাসাইল-সখীপুর সড়কের নাকাছিমে বালুভর্তি একটি ড্রাম ট্রাকসহ বেইলি সেতু ভেঙে নদীতে পড়েছে। গত রবিবার রাত পৌনে ১১টার দিকে বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে এ ঘটনা ঘটে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘বালুভর্তি একটি ড্রাম ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিকে যাচ্ছিল। লাঙ্গুলিয়া নদীর নাকাছিমে বেইলি ব্রিজের ওপর ট্রাকটি উঠলে ব্রিজটির একাংশ ভেঙে পড়ে। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে। ট্রাকের চালক নামতে পারলেও তার সহকারী ভেতরে আটকা পড়েন। পরে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে তাকে উদ্ধার করে। তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের বেইলি সেতুটি ভেঙে পড়ায় বাসাইল ও সখীপুর উপজেলার অসংখ্য মানুষ টাঙ্গাইল সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টাঙ্গাইল পৌঁছাতে একটি বিকল্প সড়ক থাকলেও এর আগে ১ অক্টোবর ওই সড়কেরও একটি সেতু ভেঙে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত