বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, দেশগুলো যদি সঠিক উপায় অবলম্বন করে তাহলেই কেবল করোনাভাইরাস মহামারী দ্রুতই কাটিয়ে ওঠা যেতে পারে। যদি সঠিক কৌশল প্রয়োগ করা না হয়, তাহলে এই মহামারী দীর্ঘ সময় পর্যন্ত থাকতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। ফিন্যান্সিয়াল টাইমসের এক অনলাইন সম্মেলনে অংশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান এই সতর্কবার্তা দিয়েছেন। আফ্রিকাবিষয়ক ওই সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, আমাদের হাতে যে কৌশল রয়েছে তা যদি যথাযথভাবে ব্যবহার করা হয়, তাহলে আমরা এই মহামারীকে দ্রুত শেষ করতে পারব।
চলতি বছরের শেষের দিকে অথবা ২০২১ সালের শুরুতে করোনাভাইরাসের যেকোনো একটি ভ্যাকসিন আসতে পারে বলে প্রত্যাশা করেছেন টেড্রোস আধানম।
তিনি বলেন, আমাদের হাতে যেসব সরঞ্জাম আছে; যদি আমরা সেসবের ব্যবহার না করি, তাহলে এটি দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে থেকে যেতে পারে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে এতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ লাখ ৮২ হাজার ২৫৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৮ লাখের বেশি।
