দ্বিতীয় ধাপের ওমরাহতে আড়াই লাখ মুসল্লি

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০১:১৫ এএম

আবার চালু হওয়া সীমিত পরিসরের ওমরাহর দ্বিতীয় ধাপে ২ লাখ ৫০ হাজারের বেশি লোক অংশ নেবে। আগামী রবিবার (১৮ অক্টোবর) থেকে সৌদি আরবে অবস্থানকারীদের জন্য ওমরাহর দ্বিতীয় ধাপ চালু হয়েছে। এ সময়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিদর্শন এবং নামাজ আদায় করা যাবে। তা ছাড়া রওজা শরিফ এবং মসজিদে নববির পুরনো মসজিদ এরিয়াতেও যাওয়া যাবে।

জানা গেছে, পর্যায়ক্রমে ওমরাহ চালু হওয়ার দ্বিতীয় ধাপে পবিত্র দুই মসজিদে ছয় লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এবং ২ লাখ ৫০ হাজার মুসল্লি ওমরাহ আদায় করতে পারবেন। অবশ্য ওমরাহ, মসজিদ পরিদর্শন ও রওজা জিয়ারতে অংশ নিতে হলে আগে ‘ইতামারনা’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করতে হবে।

গত ৪ অক্টোবর থেকে সৌদিতে অবস্থানরতদের জন্য সীমিত পরিসরে ওমরাহ চালু হয়। এর আগে গত ৩১ মে থেকে মসজিদে নববির আঙিনা ও আশপাশ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া তৃতীয় ধাপে বহির্বিশে^র মুসলিমরা ওমরাহ ও রওজা জিয়ারতের সুযোগ পাবেন।

সৌদি ভ্রমণ ও পর্যটন বিভাগের বরাতে জানা গেছে, ‘করোনা মহামারীর কারণে কোন কোন দেশ ওমরাহ যাত্রীদের পাঠাতে পারবে, তা এখনো সুস্পষ্ট নয়। সবার আশা, শিগগিরই কর্র্তৃপক্ষ ওমরাহ পালনে অংশগ্রহণকারী দেশের পরিপূর্ণ ঘোষণা দেওয়া হবে, যেন ওমরাহ চালুর তৃতীয় ধাপে যথাযথভাবে সবাই অংশ নিতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত