হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইডের সিসিইউতে রিজভী

আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৫:২৭ এএম

হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। চিকিৎসকরা তাকে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধন কর্মসূচি  শেষ করে নিজের গাড়িতে ওঠার পরপরই বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুত সেখান  থেকে তাকে ধানমন্ডির ল্যাবএইডে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

জাহিদ বলেন, ‘উনার (রিজভী) হার্ট অ্যাটাক হয়েছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখেছেন। হাসপাতালে চিকিৎসক অধ্যাপক সোহরাব-উজ জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বিকালে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।

এদিকে রিজভীর অসুস্থতার খবর শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকাল সাড়ে তিনটার দিকে ল্যাবএইড হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সঙ্গে রিজভীর চিকিৎসার খোঁজখবর নেন। রিজভীর সহধর্মিণী আঞ্জুমানারা বেগমের সঙ্গেও মহাসচিব কথা বলেন।

এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আলী মামুন, শায়রুল কবির খানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা। পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন।’

রিজভীর শারীরিক অবস্থার সর্বশেষ খবর টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানিয়েছেন মির্জা ফখরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত