বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটে এক নববধূকে (১৭) রাতভর আটকে রেখে ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
জানা গেছে, এর আগে গত রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে রাতভর ধর্ষণ করেন নাজমুল, বাবু ও রাজিব নামে কয়েক যুবক। এ ঘটনায় ওই গৃহবধূ বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন।
মঙ্গলবার বিকেলে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে উপজেলার কাজীরহাট থানায় এই মামলা দায়ের করেন। স্থানীয় বাবু হাওলাদার, নাজমুল ও পরান ভূঁইয়াসহ ৫ জনকে এই মামলার আসামি করা হয়েছে।
অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাজীরহাট থানার ওসি সাজ্জাদ হোসেন।
গৃহবধূর ভগ্নিপতি আবু বক্কর জানান, মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই গৃহবধূকে একই এলাকার নাজমুল, বাবু ও রাজিব গত রবিবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রাখে। ওই রাতে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরদিন সোমবার সকালে স্থানীয় ইউপি সদস্য পরান ভূঁইয়ার উপস্থিতিতে ওই গৃহবধূকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ ঘটনার পরপরই ওই গৃহবধূ ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান।
বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু গৃহবধূ গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার সন্ধ্যায় তাকে পার্শ্ববর্তী হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপরই বিষয়টি জানাজানি হয়।
