আশুলিয়ার কলতাসূতি এলাকায় ৮ বছরের শিশু আসিফ খাঁন হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই সাত জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে নিহত শিশুর বাবা জুয়েল রানা বাদী হয়ে রাতে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তাররা হলো- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকার রফিকুল ইসলাম ও সুজন, মাদারীপুরের রাজৈর থানার তাতীকান্দার কামাল, জামালপুরের ইসলামপুর পলকান্দা এলাকার সম্রাট আকবর, রংপুর জেলার পীরগঞ্জ থানার দশমুরা সাদুল্যাপুরের রমজান, রাজবাড়ূ জেলার পাংশা থানার সাধেরচর এলাকার রহিম এবং কিশোরগঞ্জ কটিয়াদী থানার মজনু।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিহতের বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, নিহত আসিফ গত ১১ অক্টোবর বিকেলে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বজনরা। পরে মঙ্গলবার সকালে ওই এলাকার একটি শ্রমিক কলোনির পাশে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদ‡ন্তর জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত আসিফ (৭) একই এলাকার জুয়েল রানার ছেলে। সে স্থানীয় দিপারোজ স্কুলে দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।
