পাবনায় বেড়া ইউএনকে লাঞ্ছনার ঘটনায় মামলা

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০৯:৫৩ এএম

পাবনার বেড়া ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত করায় বেড়া পৌরসভার বরখাস্ত হওয়া মেয়র আব্দুল বাতেনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

বুধবার রাতে ইউএনও আসিফ আনাম সিদ্দিকী বাদী হয়ে বেড়া থানায় এ মামলা করেন।

পাবনার বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়েছে, সরকারি কাজে বাধা প্রদান, হুমকি এবং এবং ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পেনাল কোডের ৩২৩, ৩৩২, ৩৫৩, ৩৫৫ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলায় ঘটনার দিনে উপস্থিত তিনজন জনপ্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে। 

ওসি আবুল কাশেম আরও জানান, মামলা দায়েরের পর থেকেই বরখাস্ত মেয়র আব্দুল বাতেনকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তিনি আত্মগোপন করেছেন।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র অভিযোগ করেছে, মামলা দায়েরের সঙ্গে সঙ্গে বেড়া থানা-পুলিশের কোন এক অফিসার আব্দুল বাতেনকে বিষয়টি জানিয়ে আত্মগোপনে চলে যাবার সুযোগ করে দেয়।  আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকুর ভাই হওয়ায় তাকে গ্রেপ্তারে পুলিশের অনীহা রয়েছে। 

সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভাকালে মেয়র আব্দুল বাতেনের বিরুদ্ধে ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে লাঞ্ছিত এবং অশ্রাব্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ওঠে। এরই ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত