ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের বাড়িতে হামলার প্রতিবাদে মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তারাগন গ্রামবাসী।
বৃহস্পতিবার পৌরশহরের তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে প্রায় দুইশতাধিক ব্যক্তি মৌন মিছিল নিয়ে আখাউড়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। মিছিলটি পৌর শহরের শাখাওয়াত হোসেন নয়নের বাড়ির সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারাগন গ্রামের কাউন্সিলর মানিক মিয়া, সাবেক কাউন্সিলর বাহার মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ অ্যাডভোকেট আমিনুল ইসলাম সাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজীল শাহ তচ্ছন, যুবলীগ নেতা তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মুন্না, হেবজু মিয়া, মুক্তিযোদ্ধা জমশেদ শাহ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের তারাগন গ্রামের কৃতিসন্তান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের বাড়িতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারাগন গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে অতীতের ন্যায় ভবিষ্যতে ও ন্যায়ের পক্ষে সব অপশক্তির বিরুদ্ধে মোকাবেলা করবে। আমাদের গ্রামের কারো প্রতি অন্যায়ভাবে আঘাত করলে তার পাল্টা জবাব দেব আমরা।’
এ সময় তারা উক্ত ন্যাক্কারজনক হামলায় দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শাখাওয়াত হোসেন নয়নের গ্রামের বাড়ি পৌরশহরের তারাগন গ্রামে। তিনি বর্তমানে পৌরশহরের মালদারপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার সন্ধ্যায় তার বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছিল। এ ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মী ও তারাগন গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
হামলার বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নের ছোট ভাই জানায়, ‘কিছু বুঝে উঠার আগেই রাধানগরের প্রায় অর্ধশত ছেলে দেশীয় অস্ত্রসহ আমার বাড়িতে হামলা করে বাড়ির গেইট, দরজায় কুপিয়ে ভাংচুর করে।’
এ বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন বলেন, মালদার পাড়া ও রাধানগরের কয়েকজন ছেলের ঝগড়ার জের ধরে প্রতিহিংসাপরায়ণ হয়ে পরিকল্পিতভাবে আমার বাড়িতে সন্ত্রাসী হামলা করে। মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের কাছে উক্ত সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।
ব্রাহ্মণাবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শুভন জানান, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ব্রাহ্মণাবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা বিষয়টি আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। উপজেলা ছাত্রলীগের মধ্যে কোন গ্রুপিং নেই। তবে স্থানীয় সংসদ সদস্য মাননীয় আইনমন্ত্রী এ বিষয়ে যে সিদ্ধান্ত দেয় জেলা ছাত্রলীগ তা বাস্তবায়ন করবে।
