মাদ্রাসা শিক্ষার্থীকে হাত পা বেঁধে মারধর

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০৮:৩৮ পিএম

সুনামগঞ্জে পৌর শহরে হাত পা বেঁধে ঘরে আটকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকের মারধরে আহত মাদ্রাসা ছাত্রকে (১৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই মাদ্রাসার তত্ত্বাবধায়ক হাসান আহমদ ওরফে দুলাল । সুনামগঞ্জ পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে জানান, পৌর শহরের মোহাম্মদপুর এলাকায় ছয় মাস আগে একটি বাসা ভাড়া নিয়ে মাআরিফুল কুরআন ওয়াস্‌সুন্নাহ মাদ্রাসা নামের ওই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন হাসান আহমদ ওরফে দুলাল। মাদ্রাসায় ৮০জন শিক্ষার্থী আছে। এর মধ্যে ৬০জন মাদ্রাসায় থেকে পড়াশোনা করে। 

বুধবার সন্ধ্যায় প্রতিষ্ঠান থেকে বের হয়ে যেতে চাইলে শিক্ষার্থীকে আটকে রাখা হয়। এ সময় দড়ি দিয়ে একটি কক্ষে আটকে রেখে তার অভিভাবককে খবর দেওয়া হয়। পরে রাত দশটার দিকে অভিভাবকেরা গিয়ে সেখান থেকে তাকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ওই প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছে।

ওই ছাত্রের বাবা নুরুজ্জামান চৌধুরী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে তার ছেলেকে কয়েকজন শিক্ষক দড়ি দিয়ে বেঁধে মারধর করেছেন। তার পিঠে ও হাতে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এখন সে হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান বলেছেন, খবর পেয়ে সেখানে গিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এসেছি। জিজ্ঞাসাবাদের জন্য দুই শিক্ষককে আনা হয়েছে। ওই ছাত্রের পরিবার অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত