নারীসহ ইয়াবা ব্যবসায়ী এমবিবিএস ডাক্তার আটক

আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০৮:৫১ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব।

এ সময় চিকিৎসক আরিফ মঈনউদ্দিন (৩০) ও জুলি আক্তার ওরফে রূপা (২৮) নামে এক নারীকে আটক করা হয়। গত বুধবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আটক আরিফ মঈনউদ্দিন চট্টগ্রামের বেসরকারি রয়েল হাসপাতালে কর্মরত চিকিৎসক। তিনি চট্টগ্রামের বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসি থেকে ২২তম ব্যাচে এমবিবিএস পাস করেছেন। আরিফ চিকিৎসা পেশার আড়ালে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন। তার সহযোগী হিসেবে একাধিক নারী ও পুরুষ জড়িত।  তিনি জুলিকে নিয়ে চট্টগ্রামের খুলশী এলাকায় একটি ফ্ল্যাট বাসা ভাড়া করে ইয়াবা কারবার করে আসছিলেন।

র‌্যাব জানায়, ইয়াবা সেবন করতে করতে নিজেই ব্যবসা শুরু করেন চিকিৎসক আরিফ মঈনউদ্দিন। প্রথমদিকে চট্টগ্রামের মাদক ব্যবসায়ীদের মধ্যে ইয়াবা সরবরাহ করতেন তিনি। পরে প্রতি মাসে ৫ থেকে ৬ বার চট্টগ্রাম থেকে ইয়াবা নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও আশপাশ এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ শুরু করেন। এই সূত্রে জুলি আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত