হবিগঞ্জের বানিয়াচঙ্গে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, একটি মামলার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার সময় পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় ইউপি সদস্যসহ একদল লোক। হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।
বানিয়াচঙ্গ থানার ওসি এমরান হোসেন জানান, দুটি জিআর মামলায় দক্ষিণ সাঙ্গর গ্রামের রমজান আলীর ছেলে বুলবুল মিয়াকে গ্রেপ্তার করতে বুধবার রাতে ওই গ্রামে যান কয়েক পুলিশ সদস্য। গ্রেপ্তারের পর আসামিকে নিয়ে থানায় ফেরার পথে স্থানীয় মক্রমপুর ইউপি সদস্য শেখ মমিন মিয়া ও আসামির ভাই বদরুল মিয়াসহ একদল লোক পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে আসামি বুলবুলকে ছিনিয়ে নেয়। এতে এএসআই মোহাম্মদ তোহা, এএসআই সোহেল ও কনস্টেবল হাতিমুর রহমান আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
