বিশ্ব ক্ষুধা সূচকে ১৩ ধাপ উন্নতি বাংলাদেশের

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০১:২৮ এএম

এবারের বিশ্ব ক্ষুধা সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। বিশ্বের ১০৭টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ৭৫তম। আগের বছর ছিল ৮৮তম অবস্থানে। অর্থাৎ এ বছর ক্ষুধার সূচকে ১৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রকাশিত ‘বিশ্ব ক্ষুধা সূচক (জিএইচআই)-২০২০’-এ এমন চিত্র উঠে এসেছে। সূচকে উন্নতি হলেও প্রতিবেদন মতে, এখনো বাংলাদেশের মানুষ ‘গুরুতর মাত্রার’ অনাহারে ভুগছে। ক্ষুধার মাত্রাকে সহনীয়, গুরুতর ও ভীতিকর ক্যাটাগরিতে ভাগ করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বিশ্বের ১০৭টি দেশের মধ্যে ১১টি দেশের মানুষ ‘ভীতিকর মাত্রার’ অনাহারে ভুগছে। ‘গুরুতর মাত্রার’ অনাহারে ভুগছে বাংলাদেশসহ ৪০টি দেশের মানুষ এবং বাকি ৫৬টি দেশের মানুষ সহনীয় মাত্রায় রয়েছে।

খাদ্য নিরাপত্তাবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আয়ারল্যান্ডভিত্তিক কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও জার্মানভিত্তিক ‘ওয়েলথ হাঙ্গার লাইফ’ যৌথভাবে বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করে থাকে। এ ক্ষেত্রে তারা অপুষ্টি, খর্বাকৃতি শিশুর সংখ্যা, কৃশকায় বা শীর্ণকায় শিশু ও শিশু মৃত্যুর হার এ চারটি মাপকাঠি বিবেচনা করে।

বিশ্ব ক্ষুধা সূচক অনুসারে ১০০ পয়েন্টের স্কেলে শূন্য হলো সেরা স্কোর। কারও স্কোর শূন্য মানে সে দেশে কোনো মানুষ অনাহারে নেই। এ বছরের সূচকে বাংলাদেশের স্কোর ২০.৪। এ স্কোর অনুযায়ী বাংলাদেশের মানুষ ক্ষুধার ‘গুরুতর মাত্রায়’ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সাল নাগাদ ক্ষুধার মাত্রা শূন্যের কোটায় নিয়ে আসতে জাতিসংঘ যে লক্ষ্যমাত্রা দিয়েছে, তা পূরণে বিশ্বকে এক ‘বিশাল পর্বত’ পাড়ি দিতে হবে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য আর মাত্র ১০ বছর সময় বাকি আছে। এমন অবস্থায় সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর প্রতিশ্রুতি ও পদক্ষেপ দ্বিগুণ করার তাগিদ দেওয়া হয়েছে প্রতিবেদনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত