যশোরে প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০১:৩৭ এএম

যশোরের অভয়নগর উপজেলায় একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ভাঙাগেট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। রেলক্রসিংটিতে নেই কোনো গেট বা গেটম্যান। নিহতদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি কন্যাশিশু রয়েছে। এ ছাড়া গতকাল রাজধানীর হাজারীবাগ, ঠাকুরগাঁও ও মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন নিহত হয়েছে। 

দেশ রূপান্তরের যশোর প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা মেইল ট্রেনটি জেলার অভয়নগর উপজেলার ভৈরব সেতু রেলক্রসিংয়ে (ভাঙাগেট) পৌঁছায়। এ সময় ভৈরব সেতু পার হয়ে ব্যক্তিগত গাড়িটি ভাঙাগেট রেলক্রসিং দিয়ে যশোর-খুলনা মহাসড়কে ওঠার জন্য যাচ্ছিল। এ সময় গাড়িটিকে প্রায় ২০০ মিটার দূরে সরকার ওয়েব্রিজের সামনে নিয়ে ফেলে ট্রেনটি। এতে গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মহসীন রেজা জানান, প্রাইভেট কারটি ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে ওঠার সময় মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তেই দুমড়ে-মুচড়ে ২০০ মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে। দুজন ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে থানা ও রেলওয়ে পুলিশ এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করেন।

আহতদের মধ্যে পাঁচ বছরের এক শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে এবং অপর এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তিনি জানান, রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসরাত শারমিন জানান, ট্রেন দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পথে পাঁচ বছরের একটি শিশু মারা গেছে। গুরুতর আহত একজন পুরুষ, একজন নারী ও এক বছরের একটি শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভয়নগর থানার ওসি আরও জানান, ট্রেন-প্রাইভেট কারের দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিহত চারজনের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। একজনের নাম হীরক ও অপরজনের নাম আশরাফুল। নিহত বা আহতরা নড়াইল জেলা বা রূপগঞ্জ এলাকার বাসিন্দা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গতকাল রাজধানীর হাজারীবাগে ইজিবাইকের চাপায় রাব্বি (৮) নামের এক শিশু নিহত হয়েছে। কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাট এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ পরিস্থিতি শান্ত করে মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ইজিবাইক ও চালককে আটক করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বেড়িবাঁধ এলাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তিনি বলেন, শিশুটির বাবা আরাফাত মোল্লা বাদী হয়ে সড়ক ও পরিবহন আইনে মামলা করেছেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, গতকাল দুপুরে সদর উপজেলার পস্তমপুর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নূর মোহাম্মদ (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। নূর মোহাম্মদের ছেলে মুরাদ হোসেন বলেন, দুই ভাইবোনকে নিয়ে খালাবাড়িতে যাচ্ছিলাম। বিমানবন্দর এলাকায় বাবা আমাদের অটো রিকশায়  তুলে দিচ্ছিলেন। এমন সময় হিজড়া রুবেল তার দ্রুতগতির মোটরসাইকেলটি বাবা ওপর তুলে দেয়। এতে গুরুতর আহত হন বাবা। তাকে প্রথমে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে ঠাকুরগাঁওয়ে হিজড়াদের সরদার রুবেল প্রায় বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে বেপরোয়াভাবে চলাচল করত বলে অভিযোগ স্থানীয়দের।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাগুরা প্রতিনিধি জানিয়েছেন, জেলার শ্রীপুরের কুপুরিয়া বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জামাল হোসেন (৬০) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। জামাল হোসেনের বাড়ি শ্রীপুর উপজেলার কুপুরিয়া গ্রামে।

শ্রীপুর থানার ওসি আলী আহম্মেদ মাসুদ জানান, জামাল হোসেন দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে শ্রীপুর যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে কুপুরিয়া বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লোহার গ্রিল বোঝাই একটি অটোভ্যান তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত