সাভারের আশুলিয়ায় আবারও এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
শনিবার ভোরে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো পুকুরপাড় (কোন্ডলবাগ) এলাকার শফিকুল কাজির বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতি হওয়া বাড়ির মালিকের ছোট ভাই আতাউর কাজি জানান, শনিবার ভোর ৪টার দিকে তার বড় ভাই শফিকুল কাজির একতলা বাড়ির কেচি গেটের তালা ভেঙে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে।
এ সময় ডাকাতরা বাড়ির সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি ছিনিয়ে নেয়। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ এক লাখ ৫৬ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোনসহ প্রায় দশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই বাড়ির লোকজনের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে আশুলিয়া থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও লুণ্ঠিত মালামাল উদ্ধার কিংবা ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ডাকাতির কোনো ঘটনা আমার জানা নাই। তবে ব্যবসায়ী আতাউর কাজির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর অস্ত্রধারী একদল ডাকাত পার্শ্ববর্তী কাঠগড়া পালোয়ানপাড়া এলাকার চাল ব্যবসায়ী আহসান উল্লাহর দোতলা বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ওই ব্যবসায়ীকে হাত-পা বেঁধে রেখে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৩০ লাখ টাকা, দশ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বিষয়টি জানতে চাইলে পুলিশ জানায়, ওই ব্যবসায়ীর ব্যবসায়ীর ঘরের গ্রিল কেটে চোর ঢোকার চেষ্টা করে কিন্তু লোকজনের অবস্থান টের পেয়ে পালিয়ে যায়।
