দিনাজপুরের বীরগঞ্জে উপজেলায় ৩৮৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একদল সদস্য উপজেলার সাতোর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. রনি হোসেন (২৭) একই উপজেলার সিংগদানি গ্রামের মো. কুটিয়া মামুদের ছেলে বলে জানান র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আ.ন.ম. ইমরান খান।
র্যাব জানায়, মাদক কেনাবেচার গোপন খবর পেয়ে শুক্রবার রাতে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একদল সদস্য বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অবস্থান নিয়ে একটি মোটরসাইকেলের গতিরোধ করে মো. রনি হোসেনকে আটক করে।
এ সময় তাকে তল্লাশি করে ৩৮৮ পিস ইয়াবা জব্দ করা হয়। সেই সঙ্গে মাদক কারবার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করে র্যাব সদস্যরা।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আ.ন.ম. ইমরান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার হওয়া রনি হোসেন মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে চোরাই পথে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নিয়ে এসে বীরগঞ্জসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রাতেই বীরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
