দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় ৫ শতাধিক ট্রাক

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১১:৫৮ পিএম

নদীতে স্রোত, ঘাট সংকট ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের বাড়তি যানবাহনের চাপে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এর কারণে রাজবাড়ীর দৌলতদিয়ায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে। তিন থেকে চার দিন অপেক্ষার পর ফেরির দেখা পাচ্ছেন চালকরা। ফলে চরম বিপাকে পড়েছেন তারা। ফেরির জন্য সারা রাত তাদের সড়কেই রাত কাটাতে হচ্ছে। গতকাল শনিবার দুপুরের দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় শতাধিক ও রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের গোয়ালন্দ মোড়ে শত শত পণ্যবাহী ট্রাককে সিরিয়ালে থাকতে দেখা গেছে।

এদিকে দিনের পর দিন সড়কে ফেরির অপেক্ষায় থাকতে থাকতে চরম মানবেতর জীবন-যাপন করছেন চালক ও শ্রমিকরা। আটকে থাকা স্থানে নেই গোসল, খাবার ও শৌচাগার সুবিধা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুব হোসেন জানান, ৫ নম্বর ঘাটের মেরামত কাজ চলছে। এ ছাড়া শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের যানবাহনের চাপ রয়েছে। যে কারণে দৌলতদিয়ায় কিছু পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হয়েছে। তবে কোনো যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি সিরিয়ালে নেই। অগ্রাধিকার ভিত্তিতে তারা পারাপার হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত