ছাত্র আন্দোলনে অনেকখানি অবক্ষয় হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে ক্ষমতার লোভ ঢুকেছে। এটা তাদের দোষ নয়। এটা রাজনীতির দোষ। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন মিলনায়তনে বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা শাখার ১৫তম কাউন্সিলে ঢাকা থেকে ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন।
তিনি আরও বলেন, দেশ ডিজিটাল হলেও দেশে ইন্টারনেট ও মোবাইলের মূল্য বৃদ্ধির কারণে ডিজিটাল ডিভাইডের (বিভক্তি) সৃষ্টি হয়েছে। এ কারণে গরিব-সাধারণ ঘরের ছাত্ররা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। জেলা ছাত্র মৈত্রীর আহ্বায়ক মুহয়ী শারদের সভাপতিত্বে কাউন্সিলের উদ্বোধন করেন ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজী মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সানিউর রহমান। উদ্বোধনী সমাবেশ শেষে ফাহিম মুনতাসিরকে সভাপতি, সানিউর রহমানকে সাধারণ সম্পাদক ও জুবায়েদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের ২৫ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
