মানুষের ত্বকে করোনাভাইরাসের জীবাণু ৯ ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে পারে বলে জাপানে এক গবেষণায় দাবি করা হয়েছে। মহামারি রূপ ধারণ করা রোগটি থেকে দূরে থাকতে ঘন ঘন হাত ধোয়ার গুরুত্বের ব্যাপারটিও এতে উঠে এসেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ক্লিনিক্যাল ইনফেকসাস ডিজিজ জার্নালে চলতি মাসে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রোগজীবাণুর কারণে সৃষ্ট সাধারণ ফ্লু মানুষের ত্বকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট টিকে থাকতে পারে। সে তুলনায় পাঁচগুণ বেশি সময় টিকে করোনার জীবাণু।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, “মানব শরীরে সার্স-সিওভি-২ (কভিড-১৯ এ বিদ্যমান ভাইরাস) টিকে থাকার মানে সংস্পর্শের মাধ্যমে এটি সাধারণ আইএভি ‘এ’ ইনফ্লুয়েঞ্জা থেকে বেশি ছড়ায়। মহামারিকে দ্রুততর করে।”
করোনার স্থায়িত্ব দেখতে করোনায় মৃত ব্যক্তি থেকে মৃত্যুর প্রায় একদিন পর নমুনা নিয়ে ত্বক পরীক্ষা করেছে গবেষক দলটি। অবশ্য তারা জানিয়েছেন, ইথানল (যা হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহৃত হয়) ব্যবহারের মাধ্যমে করোনাভাইরাস ও সাধারণ ফ্লু মাত্র ১৫ মিনিটেই অকার্যকর করা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মোতাবেক করা গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইথানল ব্যবহারের পর কভিড-১৯ ভাইরাস আর সংক্রমণ ছড়ানোর পর্যায়ের ঝুঁকিতে পাওয়া যায়নি। যার অর্থ হ্যান্ড স্যানিটাইজার সংক্রমণ ঝুঁকি কমাতে পারে।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে এরই মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখের বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা ৪ কোটি ছুঁই ছুঁই।
