ফুফুর সহযোগিতায় কিশোরীকে ফুপার ‘ধর্ষণ’

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ০৬:০৫ পিএম

ফুফার ধর্ষণের শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। আর এ কাজে সহযোগিতা করে তার ফুফু। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে ফুফা  ও ফুফুকে গ্রেপ্তার করে নবীগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তাররা হলো সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খাঁনপুর গ্রামের আজির উদ্দিন (৩৫) তার স্ত্রী নাজমা বেগম (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খাঁনপুর গ্রামের আজির উদ্দিন প্রায় আট-নয় বছর আগে বিয়ে করেন নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শ্রীধরপুর (গুমগুমিয়া) গ্রামের নাজমা বেগমকে। বিয়ের পর থেকে আজির উদ্দিন শ্বশুর  বাড়িতেই থাকত। নাজমা বেগম তার এক চাচাতো ভাইয়ের মেয়েকে সেলাইয়ের কাজ শেখানোর প্রস্তাব দেয়। ১১ অক্টোবর থেকে নাজমার বাড়িতে কাজ শিখতে শুরু করে ওই কিশোরী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে নাজমার সহায়তায় তার স্বামী আজির উদ্দিন ওই কিশোরীকে ধর্ষণ করে। কিশোরী যথাসময়ে বাড়িতে না ফেরায় নাজমার বাড়িতে তাকে খুঁজতে যান কিশোরীর মা। তখন নাজমা ও তার স্বামী তরুণীর মাকে ঘরে প্রবেশ করতে বাধা দেয়। এক পর্যায়ে গ্রামের মুরুব্বিদের সহায়তায় মেয়েকে উদ্ধার করেন তিনি।

পরে ধর্ষিতার অভিযোগ শুনে শুক্রবার রাতে তার মা বাদী হয়ে আজির উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শুক্রবার রাতেই ওসি (অপারেশন) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই কামাল আহমেদসহ একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী দু’জনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, ধর্ষণ মামলায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে শনিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত