বাইডেন জিতলে আমাকে দেশ ছাড়তে হবে : ট্রাম্প

আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১০:৫২ পিএম

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে আমাকে দেশ ছাড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে গিয়ে রিপাবলিকান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প এই শঙ্কা প্রকাশ করেন বলে জানিয়েছে বিবিসি।

এ সময় তিনি বলেন, ‘আমি হেরে গেলে কী ঘটবে, আপনারা কল্পনা করতে পারেন? হেরে গেলে আমার ভালো লাগবে না। সম্ভবত আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। আমি জানি না। আমি আরও অর্থ উত্তোলন করতে পারতাম। আমি বিশ্বের সর্ববৃহৎ তহবিল সংগ্রহকারী হতে পারতাম। কিন্তু আমি এটা করতে চাই না।’

ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে নিয়ে বারবার হাসি-ঠাট্টা করেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক এই ভাইস প্রেসিডেন্টের কাছে হেরে গেলে তা হবে খুবই বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস বলছে, মতামত জরিপের পাশাপাশি নির্বাচনী প্রচারণায়ও জো বাইডেনের চেয়ে পিছিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। গত মাসে জো বাইডেন নির্বাচনী তহবিল রেকর্ড ৩৮৩ মিলিয়ন ডলার সংগ্রহ করলেও ট্রাম্পের তহবিলে জমা পড়েছে ২৪৭ মিলিয়ন ডলার। তবে ট্রাম্প বলেছেন, তিনি আর কোনো তহবিল সংগ্রহের পরিকল্পনা আপাতত করছেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত