জঙ্গি শামীমের লাশ আঞ্জুমানে হস্তান্তর

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০২:০৭ এএম

রাজধানীর আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত হওয়ার তিন বছর পর জঙ্গি শামীমের (২৫) মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার দুপুর ১২টার দিকে র‌্যাব-১-এর পক্ষ থেকে মরদেহ দাফনে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ২০১৭ সালের ১৭ মার্চ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলা চালালে ঘটনাস্থলে নিহত হয় শামীম। এর পর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা ছিল।

র‌্যাব-১-এর সিনিয়র এএসপি মো. নজমুল হক দেশ রূপান্তরকে জানান, নিহতের নাম শামীম। তার বাড়ি নরসিংদী জেলায়। বাবার নাম সাইদুর রহমান। তার পাসপোর্টের সূত্র ধরে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে একসময় বিদেশে ছিল। পরে দেশে ফিরে জেএমবিতে যোগ দেয়। ২০১৭ সালের ১৭ মার্চ আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিল। ময়নাতদন্তের পর মরদেহটি মর্গে রাখা হয়েছিল। নিহতের পরিবার মরদেহটি গ্রহণে অস্বীকৃতি জানালে দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

হামলার পরপরই র‌্যাবের তৎকালীন লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে নিহত ব্যক্তিটি দেয়াল টপকে ক্যাম্পের ভেতরে প্রবেশের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তার সঙ্গে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটালে সেখানেই মারা যান সে। এ ঘটনায় দুজন র‌্যাব সদস্যও আহত হন তখন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত