থাইল্যান্ডে জমায়েতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে টানা চতুর্থ দিনের মতো রাজধানী ব্যাংককের রাস্তায় নেমেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এ পরিস্থিতিতে বিক্ষোভ ছড়িয়ে পড়া নিয়ে প্রধানমন্ত্রী প্রায়ুথ চ্যান ওচা উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তার সরকার আলোচনা চাইছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।
বিক্ষোভ ঠেকাতে পুলিশের ব্যাপক ধরপাকড়, জলকামান ব্যবহার এমনকি ব্যাংককের মেট্রো রেল ব্যবস্থাও প্রায় পুরোটাই বন্ধ করেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না। গত রবিবার হাজার হাজার বিক্ষোভকারী ব্যাংককের রাস্তায় নেমে একনায়কত্বের পতন এবং রাজতন্ত্রের সংস্কার দাবি করেছে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে। আটক নেতাকর্মীদের মুক্তিরও দাবি জানায় তারা। তাদের কারও কারও হাতে নেতাদের ছবিও ছিল।
মানবাধিকার বিষয়ক থাই আইনজীবীরা বলছেন, গত ১৩ অক্টোবর থেকে পুলিশ প্রায় ৮০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। ২৭ জন এখনো জেলে আছে।
