কুমিল্লার মুরাদনগরে জাতীয় সংগীতের সুর বিকৃত করার অভিযোগে একটি মাদ্রাসার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত রবিবার দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরী এলাকার দারুল কোরআন আল আরাবিয়া মাদ্রাসাটি বন্ধ করে দিয়ে পরে আবার অনুমোদন নিয়ে ওই মাদ্রাসা চালু করার নির্দেশ দেয় প্রশাসন।
জানা যায়, মাসখানেক ধরে চালু হওয়া উপজেলার সিদ্ধেশ্বরী দারুল কোরআন আল আরাবিয়া মাদ্রাসার মুহতামিম নাজিবুল্লাহ আফসারী জাতীয় সংগীতের সুর ব্যবহার করে একটি ধর্মীয় গান শিক্ষার্থীদের নিয়ে পরিবেশনা করে তার নিজস্ব ফেইসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এতে বিষয়টি কর্তৃপক্ষসহ গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
খবর পেয়ে গত রোববার মাদ্রাসায় যান মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস এবং থানার ওসি নাহিদ আহাম্মেদ। তবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওই শিক্ষককে পাওয়া যায়নি। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাদ্রাসার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ওই শিক্ষককে তার ফেইসবুক আইডিসহ ইউটিউব চ্যানেল থেকে ওই সুরে গাওয়া সংগীতটি মুছে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়।
মাদ্রাসার মুহতামিম নাজিবুল্লাহ আফসারীর সঙ্গে এ বিষয়ে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আসলে বিষয়টি এমন হবে তা বুঝতে পারিনি। বিষয়টির জন্য ক্ষমা চাইব।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস বলেন, জাতীয় সংগীতের সুর ব্যবহার করে ওই মাদ্রাসার মুহতামিম শিক্ষার্থীদের নিয়ে একটি ইসলামি সংগীত পরিবেশন করে ফেইসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন, যা কপিরাইট আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
