নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ পরিবারকে অতিষ্ঠ করে তোলায় মাদক কারবারি সন্তানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক মা। গতকাল সোমবার দুপুর ১২টায় গোদনাইল ধনকুন্ডা এলাকায় নিজ বাসভবনে পরিবারের বড় ছেলে ছয়টি মাদক মামলার আসামি খোকন মোল্লার বিরুদ্ধে এই সংবাদ সম্মেলন করেন মা জাহানারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন ছোট ছেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
সংবাদ সম্মেলনে জাহানারা বেগম বলেন, খোকন মোল্লা পরিবারের বড় ছেলে। তরুণ বয়স থেকেই সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। একপর্যায়ে জড়িয়ে যায় মাদক কারবারে। পুলিশের কাছে সোপর্দ করাসহ বহু চেষ্টা করেও তাকে সুপথে আনতি পারিনি। মাদক বিক্রির পাশাপাশি নিজেও মাদক সেবন করে সারাক্ষণ মাতাল হয়ে থাকে। মাদক ব্যবসা ছাড়ার জন্য চাপ দিলে আত্মহত্যা করার হুমকি দেয়। কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আমার বড় ভাই খোকন মোল্লা এলাকার শীর্ষ মাদক কারবারি। জনপ্রতিনিধি হিসেবে আমি এ দায় এড়াতে পারি না। তার কারণে আমাকে পত্রিকার শিরোনাম হতে হয়। আমার বড় ভাই খোকন মোল্লা মাদকসহ গ্রেপ্তার হলেই আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয়। তখন লজ্জায় নিজেকে খুবই অসহায় লাগে। অথচ আমার ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বহুবার থানা পুলিশকে বলেছি। এমনকি লিখিত অভিযোগও করেছি। এ বিষয়ে খোকন মোল্লার সঙ্গে কথা হলে মাদক সেবনের কথা স্বীকার করলেও বিক্রির কথা অস্বীকার করেন।
