সাংবাদিক পরিচয় দিয়ে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় অবশেষে র্যাবের জালে আটক হয়েছেন আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের আজমপুর গ্রামের সিদ্দিক শিকদারের ছেলে লিটন শিকদার (৪৮)। র্যাব-৮, সিপিসি-২ এর কমান্ডার দেবাশীষ কর্মকার জানান, গতকাল সোমবার ভোরে ভাঙ্গা উপজেলা সদরের থানার কাছের একটি ভাড়া বাসা থেকে আটক করা হয় লিটন শিকদারকে। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজি মামলায় চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি।
দেবাশীষ কর্মকার আরও জানান, লিটন শিকদারের বিরুদ্ধে ফরিদপুর, খুলনা ও পাবনা জেলায় চাঁদাবাজি, প্রতারণা, প্রাণনাশের হুমকি ও সাইবার অপরাধসহ প্রায় ডজনখানেক মামলা এবং রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে দুই ডজনের বেশি জিডি রয়েছে। এছাড়া, ফেইসবুকে বিভিন্ন ব্যক্তির নামে অপপ্রচার করে ব্ল্যাকমেইলিং এবং গ্রামের সহজ-সরল অনেক মানুষের সঙ্গে সরাসরি প্রতারণার অভিযোগে করা মামলার আসামিও তিনি।
র্যাব জানায়, লিটনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
