চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে প্রায় আড়াই কেজি ওজনের আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া এলাকা থেকে এসব বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সোনার একটি বড় চালান পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী ক্যাম্পের টহলদল চাকুলিয়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় তারা চাকুলিয়া বিলে প্লাস্টিকের বস্তা হাতে এক ব্যক্তিকে দেখতে পান। টহলদল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন টহলদল ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে আটটি সোনার বার উদ্ধার করে।
গতকাল বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল খালেকুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বস্তাটি তল্লাশি করে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের আটটি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
