সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে আসামি পক্ষের করা ফৌজদারি রিভিশন মামলার পূর্ণাঙ্গ শুনানি আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিনহার বোন শারমিন শাহরিয়ারের পক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই আদেশ দেন।
এর আগে পরিদর্শক লিয়াকতের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহউদ্দিন সিনহার বোন শারমিন শাহরিয়ারের করা মামলার বৈধতা নিয়ে সংক্ষিপ্ত শুনানি করেন। পরে শারমিন শাহরিয়ারের পক্ষে শুনানির জন্য সময়ের আবেদন করা হয়।
আগামী ১০ নভেম্বর সিনহা হত্যা মামলার বাদী শারমিন শাহরিয়ারের উপস্থিতিতে পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন আদালত।
শারমিন শাহরিয়ারের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা, পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলমসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) অ্যাডভোকেট ফখরুল আলম জানান, মেজর সিনহা হত্যা মামলার বাদী ও সিনহার বোন ঢাকায় থাকেন।
তিনি অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। তাই বাদীপক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। এ কারণে বিচারক মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন।
মেজর সিনহা হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, মামলার বৈধতা চ্যালেঞ্জ করে লিয়াকতের পক্ষের আইনজীবী যে রিভিশন আবেদনটি করেছেন তা সঠিক ও গ্রহণযোগ্য নয়। সেটি আমরা আগামী ধার্য তারিখ আদালতে আইনগতভাবে ব্যাখ্যা দেব।
লিয়াকতের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন জানান, গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে যে হত্যা মামলাটি দায়ের করেন।
সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেন্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে। কেননা সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার পর পরই আরও দুইটি মামলা দায়ের করেছিল। তাই একই ঘটনায় আরেকটি মামলা হতে পারে না।
উল্লেখ্য, সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ রিভিশন মামলা করা হয়েছিল।
ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত মামলার প্রাথমিক শুনানি হয়।
শুনানি শেষে বিচারক রিভিশন মামলাটি ( নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্ণাঙ্গ শুনানি ও আদেশের জন্য আজ ২০ অক্টোবর দিন ধার্য করেছিল।
