টিকার ট্রায়ালে নাক দিয়ে করোনা ঢোকানোর ‘হিউম্যান চ্যালেঞ্জ’

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৪:০৯ পিএম

কার্যকরী টিকার সন্ধান পাওয়ার সময় কমিয়ে আনতে বড় ধরনের ঝুঁকি নিতে যাচ্ছে যুক্তরাজ্য। প্রথম দেশ হিসেবে তারা টিকা নেওয়া ৯০ জন স্বাস্থ্যবান মানুষের শরীরে জেনেশুনে করোনা প্রবেশ করাবে!

বিবিসি জানিয়েছে, হিউম্যান চ্যালেঞ্জ নামের এই প্রকল্প জানুয়ারিতে শুরু হবে। ব্রিটিশ সরকার এ জন্য ৩৩.৬ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করেছে।

বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাই এই প্রকল্পের নাম্বার ওয়ান অগ্রাধিকার। তবে কাজ এগিয়ে নিতে নিয়ন্ত্রক সংস্থার থেকে নীতিগত অনুমোদন নিতে হবে।

কোনো ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের সময় অংশগ্রহণকারীদের সাধারণ জীবন-যাপন করতে বলা হয়। এরপর নির্দিষ্ট সময় পর দেখা হয় কত মানুষ আক্রান্ত হয়েছেন আর কত মানুষ হননি। এটি করতে অনেক সময় লেগে যায়।

কিন্তু যদি কিছু মানুষের শরীরে নিশ্চিতভাবে ভাইরাস প্রবেশ করিয়ে দেখা যায় যে আসলেই ভ্যাকসিন রোগটি প্রতিরোধ করতে পারছে কি না তাহলে সেটি বেশিদিন লাগার কথা নয়।

গিনিপিগ বানানো এই মানুষদের ভ্যাকসিন দিয়ে নাকের মাধ্যমে নভেল করোনাভাইরাসের জীবাণু প্রবেশ করানো হবে। এরপর দেখা হবে সংক্রমণ প্রতিরোধ হয়েছে কি না।

ইমপিরিয়াল কলেজ লন্ডনের প্রধান গবেষক ডাঃ ক্রিস চিউ এই প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেছেন, ‘আমার টিম ১০ বছরের বেশি সময় ধরে হিউম্যান চ্যালেঞ্জ গবেষণা করে আসছে। কোনো গবেষণাই শতভাগ ঝুঁকিমুক্ত নয়। গবেষণা সফল করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। এমন গবেষণা বিস্তর ধারণা দেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত