নোয়াখালীতে করোনায় আরও একজনের মৃত্যু

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৯:৩০ পিএম

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। জাকির হোসেন আজিজপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি ট্রাভেলস এজেন্সিতে কাজ করতেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জন। এদিকে জেলায় নতুন করে আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ডা. নির্ণয় পাল জানান, গত ১৫ অক্টোবর জাকির হোসেনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ১৬ অক্টোবর শুক্রবার ওনার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলিশনে ছিলেন। তবে আমাদের সঙ্গে আর কোন যোগাযোগ করেননি রোগীর পরিবার। সোমবার দিবাগত রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর আমাদের সঙ্গে যোগাযোগ করলে শারীরিক অবস্থা দেখে দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঢাকা নেওয়ার পথে রাত ১টার দিকে মারা যান জাকির হোসেন।

এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা ১৪ জন। উল্লেখ্য, গত ২৬ আগস্টের পর নোয়াখালীতে আরও একজন করোনা রোগীর মৃত্যু হলো।

নতুন আক্রান্তদের মধ্যে সুবর্ণচরে ২, বেগমগঞ্জে ২, সেনবাগে ১, কোম্পানীগঞ্জে ১ ও কবিরহাট উপজেলায় ১ জন রোগী রয়েছেন। জেলায় মোট আক্রান্তর সংখ্যা ৫০৫৩, যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৫৩ এবং আইসোলেশনে রয়েছেন ৩১৪ জন রোগী। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র তথ্যগুলো নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত