দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়ালেন এসিল্যান্ড

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১১:৩১ পিএম

পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের ওপর গতকাল মঙ্গলবার সকালে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি লেগুনা। এতে গুরুতর আহত হন লেগুনায় থাকা তিন যাত্রী। পরে আহতদের উদ্ধারের পর নিজের গাড়িতে করেই দ্রুত হাসপাতালে নিয়ে যান ঘটনাস্থলে থাকা কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বাবুবাজার ব্রিজের ওপর একটি লেগুনা সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে লেগুনার তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা রাস্তায় পাশেই পড়ে ছিল। কিন্তু রক্তাক্ত থাকায় কেউ তাদের ধরার সাহস করছিল না। এ সময় ব্রিজের ওপর দিয়েই পার হচ্ছিলেন কেরানীগঞ্জের এসিল্যান্ড কামরুল। তিনি ব্রিজের ওপর জটলা দেখে গাড়ি থামিয়ে নিজে ও তার ড্রাইভারকে নিয়ে আহতদের তার গাড়িতে ওঠান। এরপর তাদের প্রথমে ইবনে সিনা হাসপাতাল, পরে সেখান থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন মো. শিমুল (২৭), আবুল হোসেন (৫০), মো. অন্তর (১৪)।

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার কামরুল হাসান বলেন, বিপদে অন্যের পাশে দাঁড়ানো মানুষের নৈতিক দায়িত্ব। গতকাল সকালে দুর্ঘটনাস্থল দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম সবাই দাঁড়িয়ে আহতদের দেখছে। কিন্তু কেউ তাদের উদ্ধার করার চেষ্টা করছে না। আমাদের সবার উচিত মানবিক হওয়া। দেশের প্রতিটা নাগরিকের উচিত তার নাগরিক দায়িত্ব পালন করা। তবেই দেশ এগিয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত