কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিবেশীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। ২০০৮ সালে সংঘটিত এ হত্যাকন্ডের অপরাধে একমাত্র আসামি মাহালম মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আবদুল মান্নান।
গতকাল মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন তিনি। সরকারি কৌঁসুলি (পিপি) আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করেন।
আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ববিরোধ মীমাংসা করতে স্থানীয়রা দুপক্ষকে নিয়ে সালিশের আয়োজন করে। সালিশ চলাকালে মাহালম মিয়া দা দিয়ে প্রতিপক্ষ আমিনুর ইসলামকে (২৩) কোপায়। আহত আমিনুরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২২ দিন পর মারা যান তিনি। নিহত আমিনুর জেলার নাগেশ্বরী উপজেলার কুটি বামনডাঙা গ্রামের মনছার আলীর ছেলে। দন্ডপ্রাপ্ত মাহালম মিয়া (৪৮) একই গ্রামের বাসিন্দা।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এটিএম এরশাদুল হক চৌধুরী শাহীন।
