এমসি কলেজে ধর্ষণ

বিচারিক কমিটির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০৩:৫৮ এএম

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণের ঘটনার হাইকোর্টের আদেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচাপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে ১৭৬ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেওয়া হয়। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করেছে। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও এ ঘটনায় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে হাইকোর্টের নজরে আনা আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন যুক্ত ছিলেন।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ঘটনার দায় নিরূপণে তিন সদস্যের কমিটি গঠন করে দেয় হাইকোর্ট। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, মুখ্য মহানগর হাকিম ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসককে (সাধারণ) কমিটিতে রেখে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। একই সঙ্গে নির্যাতনের শিকার তরুণীকে রক্ষায় এবং অছাত্রদের কলেজ হোস্টেলে অবস্থান নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতায় কলেজ অধ্যক্ষ ও হোস্টেল সুপারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে রুল জারি করে হাইকোর্ট।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের দক্ষিণ সুরমার এক নবদম্পতি এমসি কলেজে বেড়াতে যায়। বিকেলে কলেজের ছাত্রলীগ নামধারী কয়েকজন নেতাকর্মী স্বামী-স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করে। পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করেন। এ ঘটনায় পরদিন ভোর রাতে ছয়জনের  নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে নগরের শাহপরান থানায় মামলা করেন নির্যাতিতার স্বামী। ঘটনার পর অভিযানে ছাত্রলীগ ক্যাডার সাইফুর রহমানের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরেকটি মামলা করেন শাহপরান (র.) থানা পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। ইতিমধ্যে সাইফুরসহ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত