বসতবাড়ির রান্না ঘরের পেছনে আম গাছের ডাল থেকে রেখা দেবী হাজং (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নের গুচ্ছগ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃত রেখা দেবী একই গ্রামের সুচিত্র হাজংয়ের মেয়ে। তিনি দুর্গাপুর মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী।
উদ্ধার হওয়া মৃতদেহটি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে দেশ রূপান্তরকে জানান ওসি মো. শাহনুর-এ আলম।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে রেখা দেবীর অভিভাবক তার বিয়ে ঠিক করেছিল। এতে তার সম্মতিও ছিল বলে জানায় তার পরিবার। কিন্তু গত বুধবার বিকেলে রেখা জানান এ বিয়েতে তার সম্মতি নেই। ওই রাতেই পরিবারের লোকজন তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৯টার দিকে রান্না ঘরের পেছনে আম গাছে ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বলেন, মৃতদেহটি উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
