আমার জীবন ধন্য, বঙ্গবন্ধুর ভালোবাসা পেয়েছি: তোফায়েল আহমেদ

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০৫:৩৩ পিএম

ভোলায় আলোচনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ৭৮তম জন্মদিন পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দলীয় ও অঙ্গসংগঠনের কয়েক শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাকার বাসা থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে তোফায়েল আহমেদ বলেন, ভোলার একটি অখ্যাত অজপাড়া গাঁয়ে আমার জন্ম। খুব কষ্ট করে লেখা পড়া করে বড় হয়েছি।

তোফায়েল আহমেদ আরও বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ দিন ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। কারণ সেদিন শেখ মুজিবুর রহমানকে রেসকোর্স ময়দানে ১০ লাখ মানুষের সমাবেশে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেছি।

তোফায়েল আহমেদ আরও বলেন, আমার জীবন ধন্য, আমি বঙ্গবন্ধুর মত একজন মহান নেতার স্নেহ, আদর ও ভালোবাসা পেয়েছি। আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই। বাকি জীবনটা বাংলাদেশের মানুষের সেবায় উৎসর্গ করলাম। আমার সকল প্রাপ্তি বঙ্গবন্ধুকে নিয়ে। 

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তোফায়েল আহমেদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা কোর্ট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাকসুদ ইলাহী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত