নদী গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (সাময়িক বরখাস্ত) ড. প্রকৌশলী লুৎফর রহমানকে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে নিজ বাসায় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন আইইবি ফরিদপুর শাখার নেতারা। গত বুধবার দুপুরের পুলিশ আইইবির কর্মকর্তাদের সহযোগিতায় নদী গবেষণার ক্যাম্পে গিয়ে তাকে উদ্ধার করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোনো কারণ ছাড়াই নদী গবেষণার বর্তমান মহাপরিচালকের নির্দেশে প্রতিষ্ঠানটির পরিচালককে তার বাসায় বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে তালাবদ্ধ করে রাখা হয়। যা সম্পূর্ণ বেআইনি।
এ বিষয়ে নদী গবেষণার মহাপরিচালক মো. আলিমউদ্দিন বলেন, তাকে (পরিচালক) অবরুদ্ধের বিষয়টি আমার জানা নেই। কেন বা কারা তাকে অবরুদ্ধ করেছে সেটাও জানি না।
