বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
পায়রা সমুদ্রবন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপের প্রভাবে বুধবার রাত থেকে টানা বর্ষণে অচল হয়ে গেছে জনজীবন। শহরের রাস্তাঘাট, বসতবাড়ি পানিতে তলিয়ে গেছে।
সাগর-নদী বেশ উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ সকল রুটে ৬৫ ফুটের নিচে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার রাত ৮টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা দুর্যোগ কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানান, দুর্যোগ মোকাবিলায় ২৮৫ মেট্রিক টন চাল, নগদ ৩ লাখ টাকা বরাদ্দ রয়েছে। জেলায় ৯০০টি আশ্রয়কেন্দ্রসহ ছয় হাজার ভলান্টিয়ার, ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত রেডক্রিসেন্ট সদস্য, ৭২ জন ফায়ার সার্ভিস সদস্য এবং ৩০০ শতাধিক যুব স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।
