নাটোরে ভ্যানচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৫:৩৯ পিএম

নাটোরে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটো ভ্যান ছিনতাইয়ের ঘটনায় ছিনতাই হওয়া ভ্যান ও মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।

গত  মঙ্গলবার বিকেলে নাটোর সদর উপজেলার গাংগাইল এলাকায় বিদ্যুৎ কুমার সরকার নামের এক ভ্যান চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় অজ্ঞাতদের নামে সদর থানায় একটি মামলা দায়ের করে নিহতের বাবা নির্মল কুমার সরকার। পরে নাটোর জেলা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতে সিংড়া উপজেলার হাতিয়ান্দাহ গ্রাম থেকে আক্কাস আলীর ছেলে রিপন হোসেন (২২) এবং শুকুর প্রামানিকের ছেলে দুলাল প্রামাণিক (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করে।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের ৪৮ঘন্টার মধ্যে রহস্য উদ্‌ঘাটন এবং আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক ভাবে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা আইনে বিচার কাজ চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত