জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৬:৪২ পিএম

জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়ায় ট্রেনে কাটা পড়ে মো. নুরুল আমিন(৪৫) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুঁচগড় গ্রামের আবুল কাশেমের ছেলে মো. নুরুল আমিন শরিফপুরের বেপারিপাড়ায় দ্রুত গতিতে রেল লাইন পার হওয়ার সময় পা পিছলে পড়ে যায়। এ সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত নুরুল আমিন দীর্ঘদিন ধরে শহরের শাহ্‌পুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত