মাগুরা সদর উপজেলার ধনপাড়া গ্রামে বিলের বাঁধ কাটাকে কেন্দ্র করে গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত হোসেন মন্ডলের ভাই ছালাম মন্ডল জানান, এলাকার রাজনৈতিক আধিপত্য নিয়ে স্থানীয় রাঘবদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আমিন মন্ডল ও একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশিক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছে।
গত বুধবার স্থানীয় বিলের জমিতে বাঁধ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে গতকাল শনিবার সকালে আশিক বিশ্বাসের সমর্থকরা আমিন মন্ডলের সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হোসেন মন্ডল (৭০), সুরোত মন্ডল (৫৫) ও বাকিয়ার রহমানসহ (২৫) অন্তত ১০ জন আহত হন। আহতদের প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। হোসেন ম-ল ও বাকিয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
মাগুরা সদর থানার ওসি জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে সেখানে সার্বক্ষণিক পুলিশ টহল রয়েছে।
