সাতক্ষীরায় সড়ক পরিবহন খাতকে মাদকমুক্ত করতে চালক-শ্রমিকদের ডোপ টেস্ট শুরু করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল শনিবার পর্যন্ত ১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন মাদকাসক্ত হিসেবে শনাক্ত হয়েছে। গতকাল শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় ট্রাফিক পুলিশ, সদর থানা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও পুলিশ লাইনসের সদস্যরা চালক এবং মোটর শ্রমিকদের মধ্যে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
‘জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০’ উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় তারা মাদকসেবী হিসেবে প্রমাণিত হয়েছেন।
