অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল এভিয়েশনের সাবেক নির্বাহী প্রকৌশলী আসির উদ্দিনকে দুটি ধারায় ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত। প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে। গতকাল রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ের আদেশে বিচারক উল্লেখ করেন, ২০০৪ সালের দুদক আইনের ২৭(১) ধারায় আট বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ২৬(২) ধারায় তাকে দুই বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের আদেশ দেওয়া হলো। একই সঙ্গে ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে তিন কাঠা জমির ওপর তার মালিকানাধীন ভবনসহ সব স্থাপনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেয় আদালত। রায় ঘোষণার সময় আসামি আসির উদ্দিন আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, প্রায় ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রকৌশলী আসির উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মাহফুজা খাতুন মামলা করেন। ২০১৮ সালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. মনজুর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
