করোনাভাইরাস দুর্যোগের সময় অভিবাসী শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রাইম ব্যাংকের মালিকানাধীন প্রাইম এক্সচেঞ্জ কোম্পানি পিটিই লিমিটেডের দুজন গ্রাহককে বিশেষ রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমাহ ইয়াকুব মহামারী কভিড-১৯-এর সময় অভিবাসী শ্রমিকদের সহায়তায় অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ওমর ফারুক শিপন ও কবির হোসেনকে প্রেসিডেন্টের স্বেচ্ছাসেবক ও দানশীলতা পুরস্কার প্রদান করেন। তারা দীর্ঘদিন ধরে প্রাইম এক্সচেঞ্জের রেমিট্যান্স গ্রাহক।
কভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সচেতনতা এবং গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে একটি শিপইয়ার্ডের সেফটি কো-অর্ডিনেটর ওমর ফারুক শিপন অর্জন করেছেন ‘পিপল অব গুড’ পুরস্কার। বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের কবির হোসেন ‘পিপলস অব গুড স্পেশাল কমেন্ডেশন’ (বিশেষ অ্যাওয়ার্ড) অর্জন করেছেন। তিনি প্রবাসী কর্মীদের খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় সামগ্রী দেওয়ার উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করেন।
প্রেসিডেন্টের স্বেচ্ছাসেবক ও দানশীলতা পুরস্কার (পিভিপিএ) হলো ব্যক্তি, সংস্থা ও সমাজের নেতৃস্থানীয়দের স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চ পুরস্কার। এটি একটি প্ল্যাটফর্ম, যা মানবতার সেবায় নিয়োজিতদের স্বীকৃতি প্রদান করে। সিঙ্গাপুর সরকারের এই বার্ষিক পুরস্কারটি স্বেচ্ছাসেবক ও দানশীলতার ক্ষেত্রে প্রেসিডেন্টের প্রদানকৃত সর্বোচ্চ সম্মান। প্রেসিডেন্টের স্বেচ্ছাসেবক ও দানশীলতা পুরস্কার ২০২০-এর বিশেষ পর্বটি এ বছর কভিড-১৯-এর সময়কালে জনসেবায় অসাধারণ নজির সৃষ্টি করার জন্য ব্যক্তি, সংস্থা এবং সমাজের নেতৃস্থানীয়দের স্বীকৃতি দিয়েছে। পুরস্কারের উদ্দেশ্য সম্পর্কে পিভিপিএ উল্লেখ করে, ‘প্রেসিডেন্টের স্বেচ্ছাসেবক ও দানশীলতা পুরস্কার ফলে আরও মানুষ মানবতার সেবায় এগিয়ে আসবে, যা একটি সুন্দর শহর গড়ে তুলতে ভূমিকা রাখবে।’ বিজ্ঞপ্তি
