রাজশাহীতে বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:১২ এএম

উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী সেবা সংস্থা ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ভুতুড়ে বিলের ভোগান্তি বন্ধ, গ্রাহক সেবা নিশ্চিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী নেসকো প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। কর্মসূচি থেকে অবিলম্বে নেসকোর ভুতুড়ে বিল আদায় বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা, দুর্নীতি, অনিয়ম ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়। একই কর্মসূচি থেকে এসব দাবিতে আজ বুধবার বিদ্যুৎ ও জ¦ালানিমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। কর্মসূচি থেকে অবিলম্বে ভুতুড়ে বিলের ভোগান্তি বন্ধ, গ্রাহক সেবা নিশ্চিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা না হলে নেসকো কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ডা. আবদুল মান্নান, ন্যাপ নেতা মুস্তাফিজুর রহমান খান আলম, বিএফইউজে সহসভাপতি মামুন-অর-রশিদ, আইনজীবী এন্তাজুল হক বাবু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত