চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের মতামতকে উপেক্ষা করে অগঠনতান্ত্রিকভাবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, গত রবিবার দ্বারিয়াপুর ট্রাক টার্মিনালে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থিতা আহ্বান করলে অনেকে সাড়া দেন। সম্মেলনের কাউন্সিলররা নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচনের দাবি জানান। কিন্তু পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে নতুন নেতার নাম ঘোষণা করেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘সম্মেলনে সভাপতি পদে তিনজন প্রার্থী থাকলেও তারা একমত হয়ে সফিকুল ইসলামকে সমর্থন জানান। কিন্তু সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী ঐকমত্যে না পৌঁছায় কাউন্সিলররা ভোটে সাধারণ সম্পাদক নির্বাচনের দাবি জানান।
কিন্তু পৌর নেতারা তা না করে নাসিরুল ইসলাম নাসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে চলে আসেন। ঘোষিত কমিটিকে বিতর্কিত উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী কাইমুর রহমান।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সামগ্রিক বিচার বিশ্লেষণ করে গঠনতান্ত্রিকভাবেই কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। কাউন্সিলররা কেউ নির্বাচনের দাবি করেননি।
