সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার সকালে আবদুল হামিদ ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।
এ সময় বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল-হামোদি এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য গত ১৪ অক্টোবর দুবাই যান রাষ্ট্রপতি। সংযুক্ত আরব আমিরাতের আমেরিকান হাসপাতালে তার চিকিৎসা চলে। ৭৬ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমাজনিত জটিলতায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। চিকিৎসার সময় রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে ছিলেন।
