নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ট্রাক চালকের ছয় শতাংশের একটি বসতভিটা জবরদখলে নিতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাড়ি ছেড়ে দিতে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুধু তাই নয়, ২৪ ঘণ্টার মধ্যে বসতভিটা ছেড়ে দেয়া না হলে ট্রাক চালক পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়।
এ ঘটনার পর থেকে ওই পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় ঘটে এ ঘটনা।
ভুক্তভোগী খলিল হাওলাদার জানান, তার বাড়ি বরিশাল জেলার মুলাদি থানার কাজিরচর এলাকায়। বাবার নাম আকাব্বর হাওলাদার। তিনি একজন ট্রাক চালক। গত ২০০১ সালে গোলাকান্দাইল মৌজার এসএ ১২৯৬ ও আর এস ২৫৮৩ দাগের ৫নং ক্যানেল এলাকায় ছয় শতাংশ জমি কেনেন। ওই জমিতে দু’চালা টিনের ঘর নির্মাণ করে দুই ছেলে মনির হোসেন, মুন্না মিয়া এবং স্ত্রী শিমু বেগমকে নিয়ে বসবাস করে আসছেন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত বসতঘরে প্রবেশ করে স্ত্রী শিমু বেগমকে বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দেয়।
কেন বসতভিটা ছেড়ে দিবে এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় খলিল হাওলাদারের পরিবারের সদস্যদের।
২৪ ঘণ্টার মধ্যে বসতভিটা ছেড়ে চলে না গেলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, যাত্রাবাড়ী এলাকার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি ওই জমিটুকু ২০০৫ সালে ক্রয় সূত্রে মালিক দাবি করে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা চলমান রয়েছে।
ধারণা করা হচ্ছে, নজরুল ইসলাম হয়তো বসতভিটা ছেড়ে চলে যাওয়ার জন্য সন্ত্রাসীদের পাঠিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাইনি। পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
