পটুয়াখালী সদর থানার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। বাউফল থানায় দায়েরকৃত একটি অপহরণ মামলায় বুধবার ভোর ৫টায় তাদের আটক করা হয়। তাদের বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ফেইসবুকের মাধ্যমে জানুয়ারি মাসে জেলার বাউফল ও গলাচিপা উপজেলার ওই নারী দুজনের পরিচয় হয়। মেসেঞ্জারের মাধ্যমে তারা সম্পর্ক গড়ে তোলে এবং বেশ কয়েকবার দেখা-সাক্ষাৎ করে। সম্প্রতি বাউফলের কিশোরী বাড়ি থেকে উধাও হয়ে গেলে তার বাবা বাউফল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করে।
অভিযোগ বলা হয়, তার মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রলোভন দেখিয়ে, ফুসলিয়ে এবং জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় মূল আসামি।
তবে র্যাব মামলার আসামি ওই তরুণীর বরাত দিয়ে জানায়, অপ্রাপ্তবয়স্ক হলেও তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে।
মূল আসামির বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে বলে জানায় র্যাব।
