ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়ন হতে শাহাদাত হোসেন (৩৫) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ইউনিয়নের হাজি মণির আহাম্মদ কলেজ সংলগ্ন স্থান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। শাহাদাত নোয়াখালী সুধারাম থানার পশ্চিম শলুকিয়া গ্রামের বাসিন্দা। গত শনিবার সে নোয়াখালী হতে স্থানীয় জিবিএম ব্রিক ফিল্ডে কাজ করার জন্য জিএমহাট এসেছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুল হক জানান, বুধবার সকালে মসজিদ সংলগ্ন পুকুরের পাড়ে পেয়ারা গাছের সঙ্গে ওই শ্রমিকের লাশটি ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ফুলগাজী থানার ওসি মো. কুতুব উদ্দিন জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে শাহাদাত আত্মহত্যা করেছে।
