রাজশাহীর বাগমারা উপজেলায় দিপঙ্কর সাহা হত্যা মামলার ১৩ আসামির সবাই বেকসুর খালাস পেয়েছেন।
বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালত-১-এর বিচারক মোসা. ইসমত আরা এ রায় ঘোষণা করেন।
২০০৪ সালে বাগমারায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের হামিরকুৎসা ক্যাম্পে নিহত হন দিপঙ্কর সাহা। এ মামলায় মোট ১৮ আসামি থাকলেও অন্য এক মামলায় বাংলাভাইয়ের ফাঁসি কার্যকর হয় এবং বাকি চারজনের স্বাভাবিক মৃত্যু হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম বলেন, জীবিত ১৩ আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন। রায় ঘোষণার সময় ১২ জন হাজির ছিলেন। অন্যজন দীর্ঘদিন পলাতক।
তিনি আরও বলেন, এ মামলায় ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষীরা আসামিদের শনাক্ত করতে না পারায় আদালত তাদের খালাস দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালে ২৯ এপ্রিল তৎকালীন জেএমবি নেতা বাংলাভাইয়ের নেতৃত্বে দিপঙ্কর সাহাকে ধরে নিয়ে গিয়ে তাদের হামিরকুৎসা ক্যাম্পে নির্যাতন করে হত্যা করা হয়। দিপঙ্করের বাড়ি বাগমারা উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে। তিনি কাশিয়াবাড়ি খেয়াঘাটের ইজারাদার ছিলেন। ঘটনার পরের দিন তার বাবা দিজেন্দ্রনাথ সাহা বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা করেন।
