বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নয়নসহ ১০ দফা দাবিতে চলমান লাগাতার আন্দোলনের অংশ হিসেবে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
পবিপ্রবির প্রশাসনিক ভবনের ভিসি-রেজিস্ট্রার দপ্তরসহ সব বিভাগের কর্মচারীরা বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে কর্মচারী পরিষদের সভাপতি মজিবুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান জনিসহ অন্য নেতারা বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে তাদের ১০ দফা মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় তারা পূর্ণ দিবস কর্মবিরতি, অনশন, ক্যাম্পাস অবরোধসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, কর্মচারীদের দাবি-দাওয়ার প্রশ্নে কর্তৃপক্ষ আন্তরিক আছে।
